
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা স্টুডিওতে ঢুকে সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রাংশ ও রুমের অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। পাশাপাশি স্টুডিওর বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে তছনছ করা হয়।
ঘটনার বিষয়ে সালমান মুক্তাদির বলেন, চাঁদার ঘটনাকে কেন্দ্র করে এ হামলা হয়েছে। হামলা ও ভাঙচুরের পাশাপাশি ছিনতাইও হয়েছে বলে জানান তিনি।
ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার আহসান হাবিব জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মামুন ও আসলাম।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, ইসিবি চত্বরে একটি অফিসে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ছোরাসহ দুজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এসকে




