
রাজধানীর ঢাকার পল্লবীতে একটি ফার্মেসির দোকানদারকে রামদা দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফার্মেসিতে থাকা একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে পুলিশ বলছে, মিরপুরের দুই সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি।
জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর পল্লবীর ২২তলা গার্মেন্টসের পেছনে একটি ফার্মেসিতে এ ঘটনা ঘটল।তবে মঙ্গলবার (৬ অক্টোবর) বিষয়টি প্রকাশ পায়।
ভাইরাল প্রায় দুই মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা তিন যুবক এক ব্যক্তির টি-শার্টের কলার ধরে মারধর করছেন। তাদের একজন একটি রামদা দিয়ে তাকে কোপাচ্ছেন এবং আরেকজন আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে হুমকি দিচ্ছেন। অপর যুবক দোকান থেকে ব্যাগে করে কিছু একটা নেওয়ার চেষ্টা করছেন।
এ সময় আরও একটি তরবারি ভিডিওতে দেখা যায়। তবে সেটি কার হাতে ছিল, সেটা দেখা যায়নি। পরে আরও এক যুবক এসে দোকান থেকে কিছু একটা নিয়ে চলে যান।
ভুক্তভোগী ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমি কিছু করব না, আমি কিছু করব না বাবা।’
প্রায় ৩০ সেকেন্ডের মধ্যে ওই দোকানদারকে কুপিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় হামলাকারীরা। পরে ওই ব্যক্তিকে রক্তাক্ত হাত চেপে ধরে থাকতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, ঘটনাটি ৩০ সেপ্টেম্বর ঘটেছে। আমরা আজকেই জানতে পারলাম। এরপর ওই দোকানদারের সঙ্গে ফোনে আমি কথা বলেছি।
তিনি আরও বলেন, গ্রুপিংয়ের ঝামেলা থেকে এই হামলার ঘটনা ঘটেছে। মিরপুরের সন্ত্রাসী মশিউর গ্রুপের লোকজন ওই দোকানদারের ফার্মেসিতে হামলা চালিয়েছে। ওই দোকানদার আশিক গ্রুপকে সহযোগিতা করে এবং তথ্য দেয়। তাই তার ওপর হামলা চালানো হয়েছে বলে জানতে পেরেছি।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ দেননি জানিয়ে ওসি আরও বলেন, আমি তাকে থানায় আসতে বলেছি। কিন্তু তিনি মামলা করতে আগ্রহ দেখাননি। তারপরও আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
আরটিভি/এমএম


