
রাজধানীর যাত্রাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু হয়েছে। নিহতের নাম লিটন মিয়া (৪৫)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটে মারা যান তিনি।
নিহতের বড় ছেলে রাসেল আমিন জানিয়েছেন, তার ছোট ভাই সোহেল মানসিক রোগী, কিছু দিন ভালো থাকে, আবার খারাপ (পাগল) হয়ে যায়। তাই তাকে মাঝে মধ্যে মেন্টাল হাসপাতালে ভর্তি রাখতে হয়।
তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর রাতে মোবাইল দেখছিল সোহেল। তার বাবা তাকে মোবাইল বন্ধ করতে বলেছিলেন। পরে সবাই রাতে খাওয়া দাওয়া শেষে যার যার রুমে ঘুমাতে যায়। মা সানু বেগম সবার খোঁজ খবর নিয়ে নিজের রুমে ঘুমাতে যান। এ সময় সোহেল হঠাৎ তার বাবা-মায়ের রুমে গিয়ে তাদের ছুরিকাঘাত শুরু করে।
তিনি আরও বলেন, পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আর ছেলেকে আটক করে পাবনায় মেন্টাল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসায় মা সুস্থ হলেও, বাবা গতরাতে মারা যান।
নিহতের স্বজনদের এ ব্যাপারে কোনও অভিযোগ নেই। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে (যাত্রাবাড়ী) অবগত করা হয়েছে বলেও জানিয়েছেন নিহতের বড় ছেলে রাসেল আমিন।
ডেমরা কোনাপাড়া আদর্শবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন লিটন মিয়া। তিন ছেলের জনক ছিলেন তিনি।
নিহতের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।
আরটিভি/এসআর




