
রাজধানীর কদমতলীর জুরাইন নবারন গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মণ্ডল ঘটনাস্থল থেকে মিন্টুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত পৌনে ১১টার দিকে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহতের শরীরের দুই পা, পিঠসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তবে কারা, কী কারণে এবং কেন তাকে ওই এলাকায় নিয়ে বা সেখানে গিয়ে ছুরিকাঘাত করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি পরিবারের সদস্যরা।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত মিন্টু মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চর ফতিবাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
এ ঘটনায় হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরটিভি/এসকে


