
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী বড় মসজিদের পেছন থেকে তাকে উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর। তার পরনে ছিল জিন্স প্যান্ট, কালো টি-শার্ট ও সুতি জ্যাকেট।
পুলিশ জানায়, রাতে দায়িত্ব পালনকালে কুতুবখালী বড় মসজিদের পেছনে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর পান এসআই হাসান আলী। পরে ঘটনাস্থলে গিয়ে যুবকের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের দুটি আঘাত দেখতে পান তিনি।
মাদরাসা শিক্ষার্থীদের সহযোগিতায় গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ২টা ৫৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার সময় মাদরাসার শিক্ষার্থীরা ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুনতে পেয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। তবে কারা বা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা কোনো তথ্য দিতে পারেননি।
পুলিশ আরও জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত জানা যাবে।
আরটিভি/এসকে



