
পণ্যের মান সনদ না নিয়েই স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বিক্রি এবং বাজারজাত করার অভিযোগে এমএম বিআরবি এবং আর.এ.কে ব্র্যান্ড প্রতিষ্ঠানকে সিলগালাসহ দুই লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. মাহবুবুল ইসলাম-এর নেতৃত্বে এবং ডিএমপি পুলিশের সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ দন্ড দেন।
অভিযানে দেখা যায়, রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর ৭২/৭/বি/২ বাড়িতে কারখানার ১০ এমএম বিআরবি এবং আর,এ,কে ব্র্যান্ড নামে গিজার উৎপাদন হচ্ছে। পরীক্ষা করে দেখা গেছে, উৎপাদিত গিজারগুলো অত্যন্ত নিম্নমানের। এসব গিজার বিস্ফোরিত হয়ে অগ্নি দূর্ঘটনার আশঙ্কা আছে। এসব গিজার উৎপাদন ও বিক্রি করতে প্রতিষ্ঠানটির সিএম লাইসেন্স নেই।
শুধু অবৈধ গিজার উৎপাদনই নয়, মানহীন অবৈধ এসব গিজার বাজারজাত করতে গ্রাহকদের ধোঁকা দিতে প্রতিষ্ঠানটি বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করছে। এমন অপরাধের পরিপ্রেক্ষিতে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটির কাছ থেকে সর্বমোট ২,০০,০০০/- (দুই লাখ) টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি কারখানা সিলগালা করা হয়েছে।
অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং কর্মকর্তা ফিল্ড অফিসার জনাব ফারদিন ইসলাম এবং মেট্রোলজি বিভাগের পরীক্ষক শিখন সাহা দায়িত্ব পালন করেন।
আরটিভি/এমএম




