
রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের আরও দুজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. হৃদয় (২৬) ও মো. নাঈমুল হুদা শান্ত (২৫)। এর মধ্যে হৃদয় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক জিএস এবং শান্ত দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সদস্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তুরাগ থানাধীন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। এ সময় তুরাগ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা তুরাগসহ ডিএমপির বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
গ্রেপ্তারকৃত হৃদয়ের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/আইএম


