
রাজধানীর ভাটারা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ককটেল বিস্ফোরণের আগ মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা এবং একাধিক মামলায় অভিযুক্ত অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোহাম্মদ দিপু তালুকদার বন্যা (২১) ও মুফতি রুহুল আমিন (৬২)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ভাটারা থানা পুলিশের একটি আভিযানিক দল বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ককটেল বিস্ফোরণের আগ মুহূর্তে মোহাম্মদ দিপু তালুকদার বন্যাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে লাল ও হলুদ রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দিপু তালুকদার বন্যা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পৃথক অভিযানে একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/আইএম


