
রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী মোড়ে পুলিশের চেকপোস্টে চারটি তাজা ককটেলসহ মো. রাসেল (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে আদাবর থানাধীন রিং রোডের শ্যামলী মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে মোটরসাইকেলে আসা দুই আরোহীকে থামার সংকেত দেয় পুলিশ।
তবে তারা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ মোটরসাইকেলসহ রাসেলকে গ্রেপ্তার করে। এ সময় অপর আরোহী পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃত রাসেলের কাছ থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত চারটি ককটেল নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আদাবর থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/আইএম


