ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০০ এএম
হোটেল ইন্টারকন্টিনেন্টাল। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। ক্ষমাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে। সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হবে। মিছিল শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় সভাপতি ইশরাক হোসেন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত।

জলবায়ু প্রযুক্তি প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ইউএন সিটিসিএন প্রজেক্ট ক্লোজিং সেরিমনি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান
বিকেল ৪টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ‘নগদ-ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
দুপুর ১টায় বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডসভা
দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় শাহ্ পোরশিয়া ভবনের চতুর্থ তলায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে গার্মেন্টস শিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নবিষয়ক বোর্ডের চতুর্থ সভা অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

ঢাকা-১৩ আসনে সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজার থেকে ঢাকা-১৩ সংসদীয় আসনের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। এলাকায় সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ পরিদর্শন করবেন তিনি।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (২৪ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীতে দিনদুপুরে দুই যুবককে গুলি 
রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোডে দুর্বৃত্তের গুলিতে ও ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ওয়াপদা রোডের বাগিচারটেক কাদিরের গ্যারেজে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও গুলিবিদ্ধ বাবু বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন। আহতরা হলেন- অটোরিকশাচালক মো. শরীফ (২৮) ও কাতার প্রবাসী সানাউল্লাহ গনি বাবু (২৫)। শরীফকে হাসপাতালে নিয়ে আসা সুমন জানান, দুপুর দেড়টার দিকে টোকাই সুজন গ্রুপের হাসনাইন, হাসিব, নূরুসহ ৩-৪ জন ওই গ্যারেজে গিয়ে হামলা চালান। এসময় শরীফকে ছুরিকাঘাত ও বাবুকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাবুর বুকের বাম পাশে ও ডান পায়ে গুলি লেগেছে।  শরীফ কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুমপুকুর এলাকার বেলাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি ওই এলাকাতেই থাকতেন। বাবুর খালাতো ভাই মনির হোসেন জানান, গুলিবিদ্ধ বাবু কাতার প্রবাসী। দুই মাস আগে তিনি দেশে আসেন। আজ ওই রিকশার গ্যারেজে গিয়ে তিনি হামলার শিকার হন। বাবু বরিশালের গৌরনদী উপজেলার পয়সা বাকাই বাজার এলাকার বারেক শেখের ছেলে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে। শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুলিবিদ্ধ বাবু চিকিৎসাধীন আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। আরটিভি/এমএ
রাজধানীতে দিনদুপুরে দুই যুবককে গুলি 
রাজধানীতে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার
রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রাজধানীতে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার
ঢাকায় ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীতে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ঢাকায় ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
আরও পড়ুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময় বাড়ছে, ফেসবুকে জানালেন শিক্ষামন্ত্রী
ঢাকায় ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার