
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় উচ্চতায় খাটো ও মুখের ব্রণ হওয়ায় কারণে বার বার বিয়ে ভেঙে যাওয়ায় পরিবারের সঙ্গে অভিমান করে সুলতানা আক্তার (২২) নামে এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন৷
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলাধীন দেবনগর ইউনিয়নের বাংলাচন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মৃত সুলতানা আক্তার ওই এলাকার বাচ্চামউদ্দিনের মেয়ে এবং তিনি পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সুলতানা আক্তার নামে ওই তরুণী দেখতে একটু খাটো এবং মুখে ব্রণ ছিল। বিয়ের জন্য তাকে ছেলে পক্ষ দেখতে এলেই উচ্চতায় খাটো ও ব্রণ সমস্যার কারণে তার বারবার বিয়ে ভেঙে যেত। এদিকে গত ৩/৪ দিন আগে সুলতানাকে এক ছেলে দেখতে আসলে ওই সমস্যা কারণে আবারো বিয়ে ভেঙে যায়। ফলে তার পরিবারের নানান কথা শুনে অভিমানে তিনি তার শয়ন ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহরুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পাইনি। তবে এ ঘটনায় থানার একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
এসএস




