
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়েছে সন্ত্রাসীরা।
শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুত্বর আহত মা মরিয়ম বেগম ও তার মেয়ে স্কুলছাত্রী সাদিয়াকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানসহ পুলিশের একটি বিশেষ টিম। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে পুলিশ তা জানাতে না পারলেও ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
এলাকাবাসী, হাসপাতাল সূত্র ও পুলিশ জানায়, স্থানীয় বালাইশপুর দেওয়ান বাড়ির সৌদি প্রবাসী নবী উল্লাহর স্ত্রী মরিয়ম বেগম ও তার স্কুলে পড়ুয়া (৩য় শ্রেণির ছাত্রী) মেয়ে বাড়িতে বাস করছেন। হঠাৎ ওই বাড়িতে চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাদের পড়ে থাকতে দেখেন। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মা মরিয়মের বাম হাতের ৪টি আঙ্গুল পড়ে যায়, ডান হাতও মারাত্মক জখম হয়, তার মেয়ের মাথার পেছনের অংশে একাধিক কোপের চিহ্ন রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন তারা।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। হামলার কারণ ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এসএস




