
নোয়াখালীর চাটখিল উপজেলায় ঘরে ঢুকে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পিয়াস নামে বিশ বছরের যুবককে আটক করা হয়েছে।
আজ শনিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
আটক পিয়াস উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সোবহান বাজারসংলগ্ন দক্ষিণ সাজুনি বাড়ির আয়নাল হকের ছেলে। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে সোবহান বাজারসংলগ্ন একই বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর বাবা জানান, তিনি একজন ব্যবসায়ী। সন্ধ্যার দিকে তিনি ব্যবসার কাজে বাজারে ছিলেন। তার স্ত্রী হাঁস ও মোরগকে খোয়াড়ে ঢুকানোর জন্য ঘরের বাইরে ছিলেন। ওই সময় তার দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে (১৬) ঘরে একা পেয়ে তার ছোট ভাইয়ের ছেলে মো. পিয়াস ধর্ষণের চেষ্টা চালায়। মেয়ে বাধা দিলে তাকে মারধর করে তার পরনের জামা-কাপড় ছিঁড়ে ফেলে।
একপর্যায়ে মেয়ের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরিবারের সদস্যরা এ বিষয়ে অভিযুক্ত পিয়াসের বাবাকে জানালে পিয়াসের বাবা আয়নাল ও পিয়াস ক্ষুব্ধ হয়ে আমার স্ত্রী ও মেয়েকে মারধর করে।
তিনি আরও জানান, পিয়াস আগে থেকেই তার মেয়েকে প্রায় সময় উত্ত্যক্ত করতো।
এ ঘটনায় চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে পুলিশ পিয়াসকে আটক করে। দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
জেবি




