
ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে ১২ শতাংশ জলাধার নিশ্চিত করতে হবে। অঞ্চলভিত্তিক উন্মুক্ত স্থানের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়ে জলাবদ্ধতা উত্তরণের পথে এগোতে হবে। এই উত্তরণের পথ বন্ধ করা যাবে না বলে মনে করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বি.আই.পি.) উদ্যোগে ‘ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা নিয়ে বিষয়ভিত্তিক পর্যালোচনা’ শীর্ষক একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি’র (ঢাকা ওয়াসা) ২০৩৫ সাল পর্যন্ত ওয়াটার মাস্টার প্ল্যান-এর কথা তুলে ধরে তাকসিম এ খান বলেন, ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনায় ঢাকা ওয়াসা’র ওয়াটার মাস্টার প্ল্যান বিবেচনা করা না হলে ওয়াসা’র পরিকল্পনা ব্যর্থ হবে।
তিনি আরও বলেন, ঢাকা কে বালতি বানানো যাবে না, সেজন্য আমাদের শতাংশ জলাধার নিশ্চিত করতে হবে এবং উন্মুক্ত স্থানের সংখ্যা বাড়াতে হবে। এছাড়াও কোন রকম শ্রেণীবিভাগ ছাড়াই বন্যাপ্রবণ এলাকাগুলো বিশদ অঞ্চল পরিকল্পনায় নির্দিষ্ট করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
আলোচনা অনুষ্ঠানের সঞ্চালক পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান বিশেষজ্ঞদের মতামত কে গুরুত্ব দিয়ে বিশদ অঞ্চল পরিকল্পনায় তা সন্নিবিষ্ট করার উপর গুরুত্বারোপ করেন এবং ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলবার জন্য মানবিক, টেকসই এবং অন্তর্ভূক্তিমূলক নগর পরিকল্পনা অনুশীলনের প্রতি গুরুত্বারোপ করেন।
এফএ




