
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার কক্সবাজারের সালামত উল্লাহ খান মারা গেছেন।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ছয়টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।
তাকে চিকিৎসার জন্য কারাগার থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে আনা হয়েছিলো বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।
এর আগে ২০১৮ সালে তার জামিন আবেদন খারিজ করে দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এরপর গেলো ২৯ অক্টোবর আবারও ট্রাইব্যুনালে জামিন আবেদন করেন। আজ ওই জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা ছিলো।
আদালতে আসামির পক্ষে মামলা পরিচালনা করতেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান। অপরদিকে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করতেন প্রসিকিউটর রানা দাশ গুপ্ত, তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া পারভীন চমন।
এই মামলার তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্মান্তর ও দেশান্তরকরণসহ ১৩টি অভিযোগ আনে তদন্ত সংস্থা।
এর আগে মামলায় আসামি ছিলো ১৯ জন। তবে গ্রেপ্তার একজন মারা যাওয়ায় মোট আসামি হন ১৮ জন। পরে এই মামলায় নতুন করে আরও একজন আসামি অন্তর্ভুক্ত করায় মোট আসামির সংখ্যা দাঁড়ায় ১৯ জন। এখন আরও একজন মারা গেলেন।
জেবি/এম




