
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় হারিয়ে যাওয়া শিশু রোহানকে (১২) তার মা ফিরে পেয়েছেন ।
রোহানের মা শাহিনা আক্তার রেখার কাছে সোমবার রাতে তাকে হস্তান্তর করা হয়।
শিশু রোহান বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পূর্ব শরালিয়া গ্রামের বাসিন্দা বাগেরহাট আদালতের মহরার নাসির উদ্দিন খানের ছেলে।
জানা যায়, বাগেরহাট থেকে শিশু রোহান পথ ভুলে রোববার মঠবাড়িয়া আসে। পরে সাংবাদিক শাকিল আহমেদের মাধ্যমে মঠবাড়িয়া থানায় শিশু রোহানকে দেয়া হয়।
এ ঘটনায় তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই শেষে এসআই শাহনাজ পারভীন সোমবার রাতে রোহানের মা শাহিনা আক্তার রেখার কাছে রোহানকে হস্তান্তর করেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান আরটিভি নিউজকে জানান, পথহারা শিশু রোহানকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে ভালো লাগছে।
জেবি




