
লালমনিরহাটের বুড়িমারীতে মানসিক বিকারগ্রস্ত এক ব্যক্তিকে পিটিয়ে ও পরে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে তদন্ত কমিটি প্রতিবেদনটি জমা দেন।
এ সময় বুড়িমারী হত্যাকাণ্ড তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টিএমএ মোমিন, সদস্য সচিব অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও অপর সদস্য লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক আবু জাফর সাংবাদিকদের জানান, বুড়িমারীতে পবিত্র কুরআন শরিফ অবমাননার ঘটনা ঘটেনি। গুজব তুলে একটি স্বার্থান্বেষী মহল আবু ইউনুস মো. সহিদুন্নবী জুয়েল নামে এক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করে।
গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে পবিত্র কুরআন অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মো. সহিদুন্নবী জুয়েল নামে এক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।
ঢাবির সাবেক শিক্ষার্থী আবু ইউনুস মো. সহিদুন্নবী জুয়েল রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক ছিলেন। এ ঘটনায় পাটগ্রাম থানায় তিনটি পৃথক মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার হয়েছে ৩২ আসামি।
জেবি




