
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি খোঁড়ার সময় সিলিন্ডার সাদৃশ্য ওই বোমাটি পাওয়া যায়।
আজ বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান আরটিভি নিউজকে জানান, শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের পাইলিংয়ের কাজ করা হচ্ছিল সকালে। এমন সময় শ্রমিকরা দেখতে পান সিলিন্ডার সদৃশ বোমা। পরে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি দুপুরের দিকে নিষ্ক্রীয় করে। আমরা ধারণা করছি, ১৯৭১ সালে বিমান থেকে ছোড়া কোনো বোমা হবে এটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, উদ্ধারের পর বোমাটি নিষ্ক্রিয় করে ময়মনসিংহের মুক্তাগাছায় বিমানঘাটিতে নেয়া হয়েছে। বিশালাকৃতির এই পরিত্যাক্ত বোমাটি পাইলিংয়ের সময় মাটির প্রায় ৩ মিটার গভীরে পাওয়া যায়।
কেএফ




