
পদ্মা সেতু নিরাপত্তার জন্য কাঁঠালবাড়ি থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোট ঘাট সরিয়ে বাংলাবাজারে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, চার মাসের মধ্যে চারটি ঘাট তৈরি করা হয়েছে। বৃহৎ পরিসরে এখানে ঘাট স্থানান্তর করা হয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতে যাত্রীসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
তিনি বলেন, চালকদের দক্ষ করে তোলার জন্য অনেকগুলো প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হয়েছে। চালকরা প্রশিক্ষিত হলে নৌ দুর্ঘটনা নিয়ন্ত্রণে চলে আসবে উল্লেখ করে নৌপ্রতি মন্ত্রী আরও বলেন, সম্প্রতি বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ফেরি রানীগঞ্জ। দক্ষ চালকদের কারণেই এই দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়েছে।
এ সময় নৌ-প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, শিবচচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান ও শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেনসহ অনেকেই।
জেবি




