
বরিশালে কলেজ ছাত্রীকে ধর্ষণ এবং আত্মহত্যার প্ররোচনার মামলার প্রধান আসামী সায়েম আলম মীমুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সায়েম আলম নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার নগরপাড়া গ্রামের সেলিম আলমের ছেলে। রায় প্রদানকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর ফয়জুল হক ফয়েজ বলেন, মোবাইলে পরিচয়ের সূত্র ধরে সায়েম বরিশাল নগরীর মুসলিম গোরস্তান রোডের বাসিন্দা ইব্রাহিম খলিল খানের মেয়ে নাঈমা ইব্রাহিমকে নিয়ে হোটেল ফেয়ার স্টারে ওঠে। সেখানে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রাত যাপন করে। ২০১৬ সালের ১০ আগস্ট নাঈমাকে হোটেল কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এর আগে সায়েম নাঈমার ব্যবহৃত অলংকার নিয়ে হোটেল থেকে পালিয়ে যায়। প্রথমে জিডি করা হলে আসামি সায়েম গ্রেপ্তার হলে এবং স্বীকারোক্তি দিলে নাঈমার বাবা একমাত্র সন্তান হত্যাকারীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন।
তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দেয়ার পর ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করে আজকের আদালত এই রায় দেন।
এসএস




