
জয়পুরহাটে মাদক মামলায় রবিউল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সারোয়ার এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (সরকারি কৌসুলি) নৃপেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম নওগাঁর ধামইরহাট উপজেলার চকচান্দিরা গ্রামের শরীফ মণ্ডলের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৭ জানুয়ারি জয়পুরহাট পৌর এলাকার খঞ্জনপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থেকে ঢাকাগামী মেধা এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাসে অভিযান চালায় র্যাব। এসময় রবিউল ইসলামের দেহ তল্লাশি করে ৫৫৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার দেয়া তথ্যে একই এলাকার চকশনব্দল গ্রামের আলেক মিয়ার ছেলে আবু রায়হান নামের আরও একজনকে আটক করে র্যাব।
পরে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রবিউল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি আবু রায়হানকে খালাস প্রদানের নির্দেশ দেন।
রাষ্ট্র পক্ষে এ মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন মামুনুর রশীদ ও গোপাল চন্দ্র বর্মণ।
এসএস




