
ঢাকার ধামরাইয়ে ইসমাইল হোসেন (২৩) নামে এক এনজিও কর্মীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত ইসমাইল উপজেলার যাদবপুর ইউনিয়নের আমরাইল এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে।
এ ঘটনায় রাজিব হোসেন (৩০) নামে একজনে আটক করেছে পুলিশ। আটককৃত রাজিব একই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে প্রতিদিনের মতো ইসমাইল সন্ধিমানব উন্নয়ন সংস্থার লোনের টাকা কালেকশন করে সাইকেলে করে ফিরছিলেন। উপজেলার বালিয়া-গাঁওতারা ব্রিজে পৌঁছালে একদল অস্ত্রধারী দুর্বৃত্তরা তার গতিরোধ করে কালেকশনের টাকা ছিনতাই করার চেষ্টা করেন। এসময় ইসমাইল হোসেন বাঁধা দিলে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন তাকে। এক পর্যায়ে তার চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মাথায় গুরুতর জখম হওয়ায় অধিক রক্তক্ষরণে সে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সন্দেহজনক ভাবে একজনকে আটক করা হয়েছে।
এসএস




