
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার পুলিশ ফাঁড়ির আওতাধীন বৈশাখী রোডে এলাকায় ইব্রাহিম নামের এক মাদক ব্যবসায়ীর গুলিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. উজ্জ্বল গুলিবিদ্ধ হয়েছেন। সে সময় তার গালে কামড়ও বসায় ইব্রাহিম। আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আজ দুপুরে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল আলিম।
তিনি বলেন, পুলিশ জানতে পারে ফাঁড়ির কাছাকাছি বৈশাখী রোডের একটি বাসায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। সকাল ৯টার দিকে ওই বাসায় অভিযান চালায় পুলিশ। সে সময় ইব্রাহিম নামে এক মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে মো. উজ্জ্বলের হাঁটুর উপর লাগে। হাঁটুর উপর দুটি ক্ষত স্থান দেখা যায়। মনে হয়, তার পায়ে ২ টি গুলি লাগে। ঘটনাস্থলেই ওই মাদক ব্যবসায়ীর হাত থেকে রিভলবার উদ্ধার করার সময়ে এএসআই উজ্জ্বলের গালে কামড় বসিয়ে দেয় সে। ওই সময়ে ঘটনাস্থল থেকে ইব্রাহিমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তবে একই সময় ইব্রাহিমের আরো কয়েকজন সহযোগী পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গুলিবিদ্ধ এএসআই মো. উজ্জ্বলকে তাৎক্ষণিকভাবে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) দুলাল হোসেন বলেন, ইব্রাহিমকে আটকের সময় যখন তার কাছে থাকা রিভালবারটি কেড়ে নেওয়া হয়, ঠিক এ সময় উজ্জ্বলের গালে কামড় দেয় ইব্রাহিম।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, মাদক ব্যবসায়ীর গুলিতে পুলিশ আহত হওয়ার ঘটনায় আমরা মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছি। উজ্বলের সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কেএফ




