
খাগড়াছড়ি সদরের বলপাইয়া আদাম এলাকায় ডাকাতি করতে ঢুকে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার চার্জশিট আদালতে প্রদান করেছে পুলিশ।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ির কোর্ট পরিদর্শক আব্দুল জব্বারের কাছে আলোচিত এ মামলার চার্জশীট ও আলামত প্রদান করেন তদন্তকারী কর্মকর্তা গোলাম আফছার। খাগড়াছড়ির পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল আজিজ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ সবাইকে শনাক্ত করে ৭ জনকে গ্রেপ্তার করেছে। অপর দুই আসামিকে ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আদালতে চার্জশিট প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদরের বলপাইয়া আদাম এলাকায় ডাকাতি করতে ঢুকে প্রতিবন্ধী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ডাকাত দল। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অজ্ঞাত ৯ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। চট্টগ্রাম ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ৭ আসামি কারাগারে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জিএ/পি




