
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকায় গেল রাতে রউফ মৃধার বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। গরু দুটির মূল্য আনুমানিক দুই লাখ টাকা।
এছাড়া বিভিন্ন এলাকায় গরু চোরদের উপদ্রব বেড়ে গেছে। এতে কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ কারণে অনেকে এখন রাতের বেলায় গোয়ালঘর পাহারাসহ চোরদের ভয়ে কেউ কেউ গরু ঘরে তালা দিয়ে আটকে রাখছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নেই কোনো তৎপরতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় গরু চোরদের উপদ্রব বেড়ে গেছে। কয়েকদিনে উপজেলার কালামপুর ও চাঁনপুর এলাকা থেকেই অন্তত কয়েকটি গরু চুরি হয়েছে।
এর মধ্যে সোমবার (২১ ডিসেম্বর) রাতে বড় কাঞ্চনপুর গ্রামের কৃষক আব্দুল রউফ মৃধার দুটি গাভী চুরি যায়। গাভী দুটির আনুমানিক মূল্য দুই লাখ টাকা। এতে ওই কৃষকের গোয়াল ঘরটি এখন গরুশূন্য হয়ে পড়ে আছে। এর আগে কালামপুর থেকে দুটি গরু এবং চাঁনপুর গ্রাম থেকে কয়েকটি গরু চুরি গেছে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে গরু চুরি কিংবা চুরির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
বড় কাঞ্চনপুর গ্রামের কৃষক আবুল রউফ মৃধা জানান, গেল রাতে দুটি গরু চুরি হওয়ায় আমার গোয়ালঘরটি এখন গরুশূন্য হয়ে পড়েছে। এতে আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব সিকদার জানান, আমি তো ভোর পাঁচটা পর্যন্ত ওই এলাকায় ডিউটিতে ছিলাম। তবে আমি ডিউটিতে থাকা অবস্থায় কোনো গরুর ট্রাক রাস্তা দিয়ে যায়নি।
জিএম/পি




