
ভারতে দুর্নীতিবিরোধী আন্দোলনের নায়ক আন্না হাজারে। তার অনশনে সরকার লোকপাল বিল পাস করতে বাধ্য হয়েছিল। সেই আন্না হাজারের বয়স এখন ৮৩ বছর। এই বয়সে জীবনের শেষ বারের মতো কৃষকদের দাবি আদায়ে আমরণ অনশনে বসবেন।
সম্প্রতি মহারাষ্ট্র রাজ্যের আহমেদনগর জেলার নিজ গ্রাম রালেগাঁও সিদ্ধিতে সাংবাদিকদের আন্না বলেন, কৃষকদের দাবি বাস্তবায়নে সরকার এক মাস সময় চেয়েছে। এই সময়ের মধ্যে কৃষকের দানি না মানলে ফের অনশন করবো।
সম্প্রতি সংসদে পাস হওয়া তিনটি কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। দিল্লির সিংঘু সীমানায় এক মাসেরও বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পাঞ্জাব ও হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যের কৃষক। সেই আন্দোলনে সমর্থন জানিয়ে দাবি আদায়ে আরও একবার অনশনকে হাতিয়ার করতে চলেছেন আন্না হাজারে।
১৪ ডিসেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহকে চিঠি লিখেছিলেন আন্না।
চিঠিতে তিনি বলেছেন, এমএস স্বামীনাথান কমিটির সুপারিশগুলো কার্যকর করতে হবে এবং কৃষি পণ্যের দাম নির্ধারণে ‘কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস’ (সিএসিপি)-কে স্বায়ত্তশাসন দিতে হবে। এই দাবি না মানা হলে অনশনে বসার হুমকি দিয়েছিলেন আন্না। এরপর মহারাষ্ট্র বিধানসভার স্পিকার হরিভাউ বাগাড়ে তার সঙ্গে সাক্ষাৎ করে কেন্দ্রের কৃষি আইন সম্পর্কে ব্যাখ্যা দেন।
কৃষকের আন্দোলন শুরুর পর ৮ ডিসেম্বর কৃষকদের ডাকা ধর্মঘটে সমর্থন জানাতে এক দিনের প্রতীকী অনশন করেন আন্না হাজারে। জানুয়ারির মধ্যে কোনো সমাধান সূত্র না বেরোলে আমরণ অনশনে যাবেন তিনি।
এফএ




