
বনাঞ্চলের পাশে মরিচক্ষেতে নেমেছিল একটি বন্য হাতি। এতে ফসলের ক্ষতি হবে ভেবে হাতিটিকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি ঘটেছে কক্সবাজার সদর উপজেলার ঈদগাও ইউনিয়নের ফুলছড়ি এলাকায়।
গত রোববার (২০ ডিসেম্বর) রাত নয়টার দিকে ময়নাতদন্ত শেষে হাতির মরদেহ মাটিতে পুঁতে ফেলা হয়েছে। স্থানীয় লোকজনের দাবি, বনাঞ্চল উজাড় হওয়ায় হাতিটি খাদ্যের খুঁজে পাশের মরিচক্ষেতে গিয়েছিল। তখন গুলি লাগে হাতির বাঁ চোখের একটু ওপরে।
এছাড়া গত নভেম্বরে কক্সবাজারের ঈদগাও, রামু ও চকরিয়ার বনাঞ্চলে বৈদ্যুতিক শক ও গুলি করে হত্যা করা হয়েছিল আরও চারটি বন্য হাতি। পাহাড় কাটা ও বনাঞ্চল উজাড়ের কারণে সেখানে খাদ্য সংকটে পড়ছে বন্য হাতিগুলো।
রোববার (২০ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের মাধ্যমে বন বিভাগের কর্মীরা জানতে পারেন, একটি বন্য হাতির মরদেহ পড়ে আছে ফুলছড়ি বন রেঞ্জের রাজঘাট বিট এলাকায়। এরপর বিকেল চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছায় কক্সবাজার সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা লেবু লাল দত্তের নেতৃত্বে ময়না তদন্তকারী একটি দল। ওদিন রাত সাড়ে আটটার দিকে তাঁরা হাতির ময়নাতদন্তের শেষ করেন এবং মৃত হাতিটিকে তখন মাটিতে পুঁতে ফেলা হয়।
জিএম/ এমকে




