
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সরকারি নির্দেশনা না মেনে গড়ে ওঠা তিনটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত পরিচালিত অভিযানে ইটভাটা তিনটি উচ্ছেদ করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
উচ্ছেদকৃত ইটভাটাগুলো হল লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের অন্তর্গত এসবিএন, এসএমবি ও সিবিএম ব্রিক ফিল্ড।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী আরটিভি নিউজকে বলেন, ইটভাটাগুলোতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রদত্ত লাইসেন্স নেই, এছাড়াও পরিবেশগত ছাড়পত্র, বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআইয়ের মানপত্র নেই। তিনি আরও বলেন, ইটভাটাগুলোতে কৃষি জমি ও পাহাড় থেকে মাটি নিয়ে ইট উৎপাদিত হয়ে আসছিল। অনেকেই কৃষি জমি রক্ষার্থে দাবি জানিয়ে আসছেন। কোনও কোনও ইটভাটার পঞ্চাশ থেকে একশ মিটারের মাঝেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।
পরিবেশ অধিদপ্তরের তথ্যানুযায়ী লোহাগাড়া উপজেলায় অধিকাংশ ইটভাটা অবৈধ। ফলে পর্যায়ক্রমে সবগুলো ইটভাটা উচ্ছেদ করা হবে বলে। মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন ও র্যাবের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।
জেবি




