
কক্সবাজারের উখিয়া উপজেলার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প থেকে চাঁদার দাবিতে অপহৃত সিপিপির স্বেচ্ছাসেবক মোহাম্মদ হোসেনকে (৩৬) উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দিনগত রাত একটার দিকে অপহৃত ত্রাণ কর্মকর্তাকে উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক হেমায়েতুল ইসলাম এ তথ্য আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেল পাঁচটায় উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ত্রাণ কর্মকর্তা সিপিপি মোহাম্মদ হোসেনকে অপহরণ করে রোহিঙ্গারা। এরপর স্বজনদের কাছে মোবাইল ফোনে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনার পর থেকে তাকে উদ্ধারে নানামুখী তৎপরতা শুরু করে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। দীর্ঘ প্রচেষ্টায় আট ঘণ্টার মাথায় তাকে উদ্ধার করতে সক্ষম হয় তারা।
ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে বলে জানান অধিনায়ক হেমায়েতুল ইসলাম। ভিকটিম মোহাম্মদ হোসেন উখিয়ার বাসিন্দা এবং কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় নিয়োজিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কমিটির স্বেচ্ছাসেবক ও ত্রাণ কর্মকর্তা হিসেবে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।
জেবি




