
গাজীপুরের টঙ্গীতে ডেসকোর ভ্রাম্যমাণ সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার টঙ্গীর খাঁ পাড়া এলাকায় সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত গ্রাহকদের সেবা নিশ্চিত করার মাধ্যমে ভ্রাম্যমাণ সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়।
এ সময় প্রায় শতাধিক গ্রাহককে বিভিন্ন বিষয়ে সেবা নিশ্চিত করে ডেসকোর ভ্রাম্যমাণ কেন্দ্র। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডেসকোর টঙ্গী পশ্চিমের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রায়হান আরেফিন, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাকিল খান, সহকারী প্রকৌশলী মো. শাহ আলম ও প্রণয় দে উপ-সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দীন।
ডেসকোর টঙ্গী পশ্চিমের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রায়হান আরেফিন বলেন, ‘মুজিববর্ষে ডেসকোর সেবা শীর্ষে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বছরব্যাপী ডেসকো তার সম্মানিত গ্রাহকদেরকে উন্নতর সেবা প্রদানে গ্রাহকদের দোরগোড়ায় ভ্রাম্যমাণ সেবা কেন্দ্র নিয়ে হাজির হচ্ছে।
এর ফলে নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন, ট্যারিফ পরিবর্তনের আবেদন, বিলসংক্রান্ত তথ্য প্রাপ্তি, বিল সংশোধনের আবেদন, নতুন লাইনের নির্মাণের আবেদনসহ নানাবিধ সেবা খুব সহজেই এই ভ্রাম্যমাণ সেবা কেন্দ্র থেকে নিতে পারবে। ভ্রাম্যমাণ সেবা কেন্দ্রের কারণে গ্রাহকদের অফিসে আসা-যাওয়ার মূল্যবান সময় ও যাতায়াত খরচ সাশ্রয় হচ্ছে এবং গ্রাহকদের মাঝে সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে।
জেবি




