
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জিনের বাদশা প্রতারক চক্রের ২ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) তাজুল ইসলাম। এর আগে শুক্রবার (২৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার খানসাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আকন্দের ছেলে সাইদুল ইসলাম (৫০) ও তালুক রহিমাপুর গ্রামের শ্রী বাসুদেব সরকারের ছেলে শ্রী চন্দন সরকার (৫২)।
জানা গেছে, দিনাজপুরের বিরামপুর উপজেলার উম্মে হাবিবা নামে এক গৃহবধূর দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ওই গৃহবধূর কাছ থেকে হাতিয়ে নেয়া ২টি স্বর্ণের চেইন, ২টি ব্যাসলেট ও নগদ ৪৯ হাজার টাকাসহ ১৯টি সিমকার্ড ও ২টি মুঠোফোন উদ্ধার করা হয়।
ওসি (তদন্ত) তাজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নেয়া হয়েছে। গত কয়েকদিন আগে গোবিন্দগঞ্জে জিনের বাদশা সেজে মোবাইল ফোনে ধন-দৌলত দেয়ার কথা বলে অভিনব কৌশলে বিরামপুর এলাকার নুর আলম মন্ডলের স্ত্রী উম্মে হাবিবা বেগমের কাছ থেকে স্বর্ণের বালা, চেইন, ব্যাসলেট ও নগদ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।
তিনি আরও জানান, প্রতারণার শিকার গৃহবধূ বিষয়টি বুঝতে পেরে ঘটনা ও প্রতারকদের বর্ণনা উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা করে। একই দিন রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সাইদুল ইসলাম ও চন্দন সরকারকে গ্রেপ্তার করে। পরে গ্রেফতারদের দেয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগী গৃহবধূর ২টি স্বর্ণের চেইন, ২টি ব্যাসলেট ও নগদ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে জিনের বাদশা সেজে প্রতারণার কাজে ব্যবহৃত ১৯টি সিমকার্ড ও ২টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
জিএম




