
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ডাকাতির টাকা ও মালামাল ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাসান নগর ইউনিয়নের সুইসঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত মো. হামিদ (২৫) ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, প্রায় দুই থেকে তিন দিন আগে বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে জেলেদের ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা জেলেদের মাছ, জালসহ মাছ শিকারের সরঞ্জাম ও নগদ টাকা নিয়ে যায়। পরে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সেই ডাকাতির মালামাল ও টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি শুরু করে তারা। এ সময় ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে ডাকাতরা। পরে স্থানীয়রা গিয়ে ডাকাতদের ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলেও হামিদ ডাকাতকে আহত অবস্থায় আটক করে তারা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমীন বলেন, আহত অবস্থায় হামিদকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। সে ডাকাত কি না এখন পর্যন্ত আমরা নিশ্চিত হইনি।
জিএম




