
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জমিতে ছিটানো কীটনাশকযুক্ত মাসকালাই খেয়ে ৭২টি ঘুঘু ও কবুতরের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এ ঘটনায় বন্যপ্রাণী আইনে থানায় লিখিত অভিযোগ করেছে স্থানীয় বন বিভাগ। এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নরিনা গ্রাম থেকে ৬৫টি মৃত ঘুঘু ও ৭টি মৃত কবুতর উদ্ধার করা হয়।
জানা গেছে, সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ওই জমি, আশপাশের জমি এবং পাশের নদীতে ভাসমান অবস্থায় ৬৫টি মৃত ঘুঘু এবং ৭টি কবুতর উদ্ধার করা হয়। তবে কিছু অসুস্থ ঘুঘু লোকজন নিয়ে গেছে খাওয়ার জন্য।
বন্যপ্রাণী নিয়ে কাজ করা ‘দি বার্ড সেফটি হাউস’-এর চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, উপজেলার নরিনা গ্রামের খেয়াঘাটের উত্তর দিকের একটি জমিতে এক কৃষক মাসকালাই আবাদের জন্য জমিতে বীজ বপন করেছেন। ওই বীজ বন্যপ্রাণীরা খেয়ে ফেললে আবাদে ক্ষতি হবে ভেবে তিনি বীজ বপনের সময় কীটনাশক মেশান। ওই কীটনাশক মেশানো বীজ খেয়েই ঘুঘু ও কবুতর মারা গেছে।
শাহজাদপুর উপজেলা বন বিভাগের প্রতিনিধি রশিদুল হাসান বলেন, বন্যপ্রাণী আইনে পাখি নিধন অপরাধ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি। আশা করছি ঘটনার তদন্তপূর্বক তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
শাহজাদপুর থানার ওসি সাঈদ মাহমুদ বলেন, অভিযোগটি পাওয়ার পর সাধারণ ডাইরিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
জিএম




