
পঞ্চগড়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম মোছা. মোকছেদা (৩৫) । তার বাড়ি সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের গোয়ালঝাড় এলাকার বোদাপাড়া গ্রামে । সে ওই গ্রামের আজিজুল হকের স্ত্রী ।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে সাতমেরা ইউনিয়নের সতরংপাড়া এলাকার জগদল-ভজনপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। মোকছেদা তিন সন্তানের জননী।
স্থানীয়রা জানান শুক্রবার বিকেলে বাবার বাড়ির উদ্দেশ্যে একটি ইজিবাইকে চড়ে রওয়ানা দেন গৃহবধূ মোকছেদা । পথিমধ্যে সতরংপাড়া এলাকায় পৌঁছালে সেখানে মোকছেদার ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়। কিন্তু ইজিবাইকের চালক ও যাত্রীরা বুঝতে পারেনি। এক পর্যায়ে মোকছেদা ইজিবাইক থেকে পরে গিয়ে মাথা ও গলায় আঘাতপ্রাপ্ত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষনিক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে । এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোকছেদাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান স্থানীয়দের কাছে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ সদস্যরা গিয়ে মোকছেদার লাশ দেখতে পায়। নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে বলে জানান তিনি।
এমএন




