
চাঁদপুরের মতলব উত্তরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ আপন ভাইয়ের হামলায় বসত বাড়ি ভাঙচুরে তিন জন আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় সুলতানাবাদ ইউনিয়নের টরকি গ্রামের মহসিন সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মতলব প্রাইভেট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে কয়েকদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া হয়ে আসছিল। এ বিষয়ে সমাধানের লক্ষ্যে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বুধবার গ্রাম্য সালিশে বসে, কিন্তু গ্রাম্য সালিশকে তোয়াক্কা না করে অভিযুক্ত সালাউদ্দিন তার লাঠিয়াল বাহিনী নিয়ে পরের দিন বৃহস্পতিবার রাতে তার আপন ভাই মহসিন সরকারের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এতে মারাত্বক আহত হন ইয়াসিন সরকার।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর মতলব উত্তর থানার উপ পরিদর্শক এসআই রমিজ উদ্দিন আরটিভি নিউজকে বলেন, এ ঘটনার অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআই




