
বাংলাদেশের অর্থনীতি করোনাকালেও শক্তিশালী অবস্থানে রয়েছে। দেশের মাথাপিছু আয় বেড়ে এখন ২ হাজার ২২৭ ডলার। শ্রীলংকাকে ঋণ দেওয়া আমাদের অর্থনৈতিক সামর্থ্যের প্রমাণ বহন করে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
বুধবার (২২ সেপ্টেম্বর) পোরশা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল এখন সর্বত্র দৃশ্যমান। ডিজিটাল বাংলাদেশকে আরও জোরদারকরণে শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে শিশুর শিক্ষার সূচনা হয় উল্লেখ করে তিনি বলেন, শিশুরা যাতে ছোটবেলা থেকেই তথ্য প্রযুক্তির সাথে পরিচিত এবং দক্ষ হয়ে উঠতে পারে সেটা নিশ্চিত করা এই কর্মসূচির উদ্দেশ্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নিজেদের অগ্রগতির স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা ‘এসডিজি প্রগ্রেস অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বাংলাদেশ।
মন্ত্রী বলেন, দেশের দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তার আওতা বাড়ানো হয়েছে। বয়স্কভাতা, বিধবাভাতা এবং প্রতিবন্ধীভাতাসহ সব ধরনের ভাতা ভোগীদের আর্থিক সহায়তার পরিমানও বৃদ্ধি করা হয়েছে। অসহায় দরিদ্র আর কেউ এ সুরক্ষার বাইরে থাকবে না।
এমআই




