
সবজির ঝুড়িতে লুকিয়ে নিয়ে যাওয়ার সময় ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জারুলতলা থেকে মাংসগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লোকজন পাহাড়ে চাষাবাদ করেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শসা ভর্তি ঝুড়িতে লুকিয়ে নিয়ে যাচ্ছেন হরিণের মাংস। এ সময় কয়েকজন শিক্ষার্থীর সন্দেহ হলে তারা ওই ব্যক্তিকে আটক করেন। পরে তল্লাশি করলে ঝুড়ির ভেতরে হরিণের মাংস পাওয়া যায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আরটিভি নিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সবজির ঝুড়ি থেকে ১৫ কেজির মত হরিণের মাংস উদ্ধার করি। শসার ঝুড়িতে করে লুকিয়ে নিয়ে যাচ্ছিল মাংসগুলো। তবে কাউকে আটক করা হয়নি। এর সঙ্গে কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।
জিএম




