
নারায়ণগঞ্জ শহরের ফুটপাত দখল নিয়ে হকারদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। অতঃপর ছুরিকাঘাতে আহমেদ জোবায়ের নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর) রাতে বঙ্গবন্ধু সড়কের একটি তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইকবাল (২৬) নামে যুবক ফুটপাতে বসে দীর্ঘদিন যৌন উত্তেজনার ওষুধ বিক্রি করে আসছিলো। তার পাশেই সাদেকের জুতার দোকানের সেলসম্যান ছিলো জোবায়ের (২৪)। ফুটপাতের জায়গা দখল নিয়ে প্রথমে দ্বন্দ্ব হয় ফুটপাতে ব্যাগ বিক্রি করা স্বপন নামে আরেক হকারের সঙ্গে।
বিকেলে তাদের মধ্যে বাকবিতন্ডাও হয়। যা একপর্যযায়ে মারামারিতে রূপ নেয়। তাদের পক্ষ-বিপক্ষ নিয়ে আরও কয়েকজন হকার ঘটনায় জড়িয়ে যায়। পরে জোবায়ের লোকজন নিয়ে এসে স্বপনের পক্ষে ইকবালকে হুমকি দিতে থাকে এবং একপর্যায়ে হাতাহাতি হয়। ওইসময় জোবায়েরের লোকজনের কাছে থাকা ছুরি নিয়ে ইকবাল পেটে আঘাত করলে লুটিয়ে পড়ে জোবায়ের। তাকে প্রথমে শহরের জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্য হয়।
এ বিষয়ে জানতে জুতার দোকানের মালিক সাদেকের মোবাইল নাম্বারে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তবে নিহত জোবায়ের বাবা আমজাদ আরটিভি নিউজকে জানিয়েছনে, তারা ইসদাইর এলাকার বাসিন্দা। জোবায়ের এক ভাই ও দুই বোনের মধ্যে বড়। তিনি তার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ওসি শাহ জামান আরটিভি নিউজকে বলেন, জোবায়ের নামে এক হকার ছুরির আঘাতে আহত হলে তাকে মেডিকেল নেওয়া হয়, সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল নাজমুল হাসান আরটিভি নিউজকে জানিয়েছেন, তদন্ত চলছে। খুব শিগগিরি আসামিকে শনাক্ত করবো। স্থানীয়রা জানান, যে হকার ছুরিকাঘাত করেছে সে নারায়ণগঞ্জ হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুল ইসলামের শ্যালক।
এমআই /এসকে




