
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে তিনি জামতলার বিভিন্ন সড়কে গিয়ে মানুষজনের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময়ে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের শ্বশুরবাড়িতে যান আইভী। সেখানে কাউকে না পেয়ে কেয়ারটেকারের মাধ্যমে শামীম ওসমানের শাশুড়িকে সালাম পৌঁছে দেন।
প্রচারণাকালে আইভী জানান, নৌকায় ভোট দেওয়া মানে আমাকে দেওয়া। আমি জানি সবাই নৌকায় ভোট দেবে। সিটি করপোরেশনে উন্নয়ন হয়েছে, আগামীতে যেন তার ধারাবাহিকতা বজায় থাকে এ কারণে তাকে প্রার্থী করেছে দল।
যানজট সম্পর্কে তিনি বলেন, সারাদেশে এ সমস্যা রয়েছে। সরকার বৃহৎ পরিকল্পনা করেছে। এর মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনও আছে। এমআরটি লাইনের সঙ্গে নারায়ণগঞ্জকে যুক্ত করা হয়েছে। একটু সময় লাগবে এসব করতে তখন আর যানজট থাকবে না।
এসএস/টিআই




