
ভোলার ধনিয়ায় ছুরিকাঘাতে আব্দুল বাশার (৪৮) নামে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড নবীপুর বাঁশতলা গ্রামের বাঁশতালা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বাশার ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবীপুর গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে। স্থানীয় বাঁশতলা বাজারে তার হোটেল ব্যবসা ছিল।
জানা গেছে, শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রতিদিনের মতো আবুল বাশার তার চায়ের দোকানে সিঙাড়া তৈরি করছিলেন। এ সময় ওই এলাকার বিশহাওলাদার বাড়ির মানসিক ভারসাম্যহীন ছেলে জাবেদ দোকানের সামনে এসে চায়ের কাপ ও সিঙাড়া নিয়ে ঝামেলা করে। এ সময় দোকান মালিক আবুল বাশার তাকে বাধা দিলে জাবেদ তাৎক্ষণিক পাশে থাকা ছুরি দিয়ে তার বুকে ও হাতে এলোপাতাড়ি আঘাত করে। পরে স্থানীয়রা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, হত্যায় অভিযুক্ত জাবেদকে আটক করা হয়েছে।বিষয়টির তদন্ত চলছে।
জিএম/এসকে




