
কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে পোলট্রি ফার্মের মুরগি ও ডিম চুরির অভিযোগে এক চোরকে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ অক্টোবর) রাতে ওই ইউনিয়নের দামপাটুলীর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়িতে রান্না করা মুরগির মাংস ও ডিম পাওয়া গেছে।
জানা গেছে, নেট কেটে পোলট্রি রক্ষা জাতীয় পরিষদ ও কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এ কে ফজলুল হকের মুরগির ফার্মের কর্মচারীর ঘরে প্রবেশ করে চোর। পরে ঘর থেকে চাবি নিয়ে শেডের তালা খুলে ১০০টি ডিম, ৪০টি মুরগি ও কর্মচারীর স্মার্টফোন নিয়ে পালিয়ে যায় চোর।
এদিকে ফার্মের মালিক সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে রাতেই সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে ডিম, এক পাতিল রান্না করা মুরগির মাংস ও স্মার্টফোনটি উদ্ধার করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক জানান, একটি বাড়িতে অভিযান চালিয়ে রান্না করা মুরগিরর মাংস ও চুরি যাওয়া ডিম এবং স্মার্টফোন উদ্ধারসহ চোরকে আটক করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিএম/টিআই




