
দিনাজপুরের বিরামপুরে বাসের ধাক্কায় শিক্ষক (অবসরপ্রাপ্ত) তালেব উদ্দিন সরকার (৭৮) নিহত হয়েছেন। তিনি শহরের পার্শ্ববর্তী খয়েরপাড়া গ্রামের মৃত ছহিমুল্লা সরকারের ছেলে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে সাড়ে ৪টার সময় দিনাজপুরগামী যাত্রীবাহী একটি বাস উপজেলার টাটকপুর নামক স্থানে মোটরসাইকেলকে ধাক্কা দিলে সেখানেই মারা যান মোটরসাইকেল আরোহী শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত।
তিনি জানান, বিরামপুর থেকে দিনাজপুরগামী যাত্রীবাহী একটি বাস বিরামপুর পৌর সীমানা-সংলগ্ন টাটকপুর নামক স্থানে মোটরসাইকেল আরোহী অবসর প্রাপ্ত শিক্ষক তালেব উদ্দিন সরকারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এমএন/টিআই




