
মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের চালক ও যাত্রী নিহতের ঘটনায় বাসে আগুন দিয়েছে এলাকাবাসী। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা খাগদী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, শুক্রবার সকালে দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে চট্টগ্রামে ছেড়ে আসে। মাদারীপুর সদর উপজেলার খাদগী এলাকায় আসলে একটি ইজিবাইকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় চালক। গুরুতর আহত এক যাত্রীকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে মাঝপথে মারা যায় সে।
এরই জেরে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় উৎসুক জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও পুলিশ। বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা বলে অভিযোগ এলাকাবাসীর। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সড়কের দুইপাশে চারটি গতিরোধক আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্মাণের আশ্বাস দেন উপজেলা প্রশাসন।
এমআই/টিআই




