
গরু বিক্রির টাকা হাতিয়ে নিতে চেয়েছিল নিহতের ছেলে ও তার ছেলের বউ। সেই টাকা নিতে না পেরে কৌশলে মাঠের মধ্যে ধানখেতে মাকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ওই ছেলে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে বলে দাবি করছে পুলিশ। গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের বাবলু হোসেনের স্ত্রী নিহত ছবি খাতুনের হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ছবি বেগমের ছেলে সবুজ হোসেন (২০) ও তার স্ত্রী রোকসানা বেগম (১৮)। নিহত ছবি বেগমের মরদেহ দেউলিয়া গ্রামের একটি ধানখেত থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, নিহতের ছেলে সবুজ দীর্ঘদিন থেকে নেশাগ্রস্ত ছিলেন। কয়েক দিন থেকে মা, ছেলে ও ছেলের বউয়ের মধ্যে গরু বিক্রি করা টাকা নিয়ে বিরোধ চলছিলে। এর জের ধরে তার ছেলে সবুজ হোসেন ও তার স্ত্রী মিলে পরিকল্পিতভাবে হত্যা করে ছবি বেগমকে।
নিহতের স্বামী বাবলু হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় আমি সকালে খাবার খেয়ে কাজের সন্ধানে বের হয়েছি। কাজ শেষে বাড়ি ফেরার সময় রাস্তায় লোকমুখে জানতে পারি আমার স্ত্রী মারা গেছে। প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি। বাড়ি থেকে কিছু দূরে একটি ধানখেতে আমার স্ত্রীর মরদেহ পড়ে রয়েছে।
তিনি আরটিভি নিউজকে আরও বলেন, গরু বিক্রির ৩৪ হাজার ও এনজিও থেকে ঋণ নেওয়ার ৩০ হাজার টাকা খরচ বাদে সর্বমোট ৫৪ হাজার টাকা আমার স্ত্রীর কাছে ছিল। কয়েক দিন থেকে ওই টাকা সবুজ ও তার স্ত্রী নেওয়ার জন্য আমার স্ত্রী ও আমাকে খুব চাপ দিচ্ছিল। টাকা না দেওয়ার জন্য কয়েক দফায় মারামারিও করেছে সে। তাকে টাকা না দিলে সে তার মাকে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছিল। গত বৃহস্পতিবার আমি বাড়িতে না থাকার সুযোগে তারা দুইজন আমার স্ত্রীকে মেরে ফেলে টাকাগুলো নিয়ে পালিয়েছে বলে জানানো হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি এবং ঘটনার এক ঘণ্টার মধ্যে নিহতের সন্দেহভাজন ছেলে সবুজ ও সবুজের স্ত্রী রোকসানাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নিহতের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সবুজ ও তার স্ত্রী রোকসানাকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা করেছে।
এমআই/টিআই




