
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মাত্র ৪৪ দিন বয়সের ছাগলছানা থেকে মিলছে দুধ। এ ঘটনা ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর গ্রামে।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে এ তথ্য জানা যায়।
জানা গেছে, বাজিতপুর পশ্চিমপাড়া বাজার-সংলগ্ন স্থানে দক্ষিণ পাশে বাসকরা ফরিদা বেওয়া দীর্ঘদিন থেকে ছাগল লালন-পালন করে আসছেন। ওই ছাগলের এর আগেও দুইবার ছানা দিয়েছে। কিন্তু এ রকম ঘটনা আগে ঘটেনি। এবার একটি মাত্র ছানা হয়েছে। আর একমাত্র ছানা হওয়ায় অল্পদিনেই হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে।
এদিকে ছানা প্রসবের কয়েক দিনের মধ্যে ওলান বড় হতে থাকে এবং অল্প অল্প দুধ বের হতে থাকে। গত কয়েক দিন থেকে তা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এ খবর গ্রামে ছড়িয়ে পড়ার পর দলে দলে বিভিন্ন এলাকার মানুষ ছাগলটিকে দেখতে আসছেন।
রাজশাহী জেলার চারঘাট এলাকার ডাকরা মাধ্যমিক কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক কবির হোসেন আরটিভি নিউজকে বলেন, আমার এক আত্মীয়ের কাছ থেকে শোনার পরে আমরা দুজন গত ৩১ অক্টোবর ছাগলের ছানার বয়স যখন ৩৬ দিন তখন গিয়েছিলাম। দেখলাম ঘটনা সত্য। আমাদের দুধ দুয়ে দেখালেন। ওলানগুলোও অনেকটা বড় হয়েছে। না দেখলে বিশ্বাস করা কঠিন।
স্থানীয় মনোয়ারা বেগম বলেন, কয়েক দিন থেকে শুনছি। আজ নিজের চোখে দেখতে এসেছি। ঘটনা সত্য।
ছাগলের মালিক ফরিদা বেওয়া বলেন, হঠাৎ করে ছাগল ছানার দুধ বের হতে থাকে। প্রতিদিন ছানাটিকে দেখতে দূর-দূরান্ত থেকে অনেক লোকজন আসছে। দিনে প্রায় ৫০০ গ্রামের মতো দুধ বের হচ্ছে।
জিএম/টিআই




