
চুয়াডাঙ্গায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার হওয়া ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকী মানিকসহ চারজনের আবারও জমিন আবেদন নাকচ করেছেন আদালত।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মানিক দাস ওই আদেশ দেন। তিন দিনের রিমান্ড শেষে আসামিদের আজ (৯ নভেম্বর) আদালতে তোলা হয়েছিল।
চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক কে এম জাহাঙ্গীর কবীর আরটিভি নিউজকে বলেন, গত ২৯ অক্টোবর ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকী মানিক, তার বাবা আবু বক্কর সিদ্দিক, ভাই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সিদ্দিক ওরফে রতন এবং ম্যানেজার মিনারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন ৩০ অক্টোবর আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মানিক দাস তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ওইদিনই আদালতে গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র মণ্ডল।
তিনি আরটিভি নিউজকে আরও জানিয়েছেন, গত ২ নভেম্বর ছিল রিমান্ড আবেদন শুনানি। ওইদিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকী মানিক, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সিদ্দিক রতন এবং ম্যানেজার মিনারুল ইসলামকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া মামলার আরেক আসামি সিইও জুবায়েরের বাবা আবু বক্কর সিদ্দিককে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়।
গতকাল সোমবার তাদের রিমান্ড শেষ হয়। মঙ্গলবার (৯ নভেম্বর) আবারও গ্রেপ্তারকৃতদের জামিন আবেদন করে তাদের আইনজীবী। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মানিক দাস জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিবাদী পক্ষের আইনজীবী বদর উদ্দিন জানান, আমার মক্কেলদের জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে। আশা করি সেখান থেকে জামিন মিলবে।
এমআই/টিআই




