
অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বাচ্চু কাজী (৫৩) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী। এ সময় প্রতারক চক্র তাকে অজ্ঞান করে কাছে থাকা প্রায় ২ লাখ টাকা নিয়ে গেছে।ঘটনাটি ঘটেছে রাজধানীর তেজগাঁও থানার কারওয়ানবাজার এলাকায়।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।পরে তার পাকস্থলী পরিষ্কার করা হয়।
বাচ্চু কাজীকে উদ্ধার করে নিয়ে আসা পথচারী সারোয়ার গণমাধ্যমকে বলেন, কারওয়ানবাজার এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন ওই ব্যবসায়ী। এ সময় তার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নিয়ে গেছে চক্রটি। পরে তাকে ফুটপাত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার পাকস্থলী পরিষ্কার করে দেওয়ার পর চিকিৎসক মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেন।
তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার বাড়ি মাদারীপুর সদর থানার কোলপদ্দি গ্রামে। তার বাবার নাম আলআমিন হোসেন বলে জানান সারোয়ার।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ওই ব্যবসায়ীকে হাসপাতালে আনা হলে তার পাকস্থলী পরিষ্কার করে তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠান চিকিৎসক।
এমএন/এসকে




