
কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও কুমিল্লা জেলা ১৪ দলীয় জোটের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান মারা গেছেন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর।
আফজল খানের মেয়ে কুমিল্লার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) আঞ্জুম সুলতানা সীমা এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তার বাবা। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ নভেম্বর) তিনি মারা যান। বুধবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় জানাজা শেষে দাফন করা হবে।
আফজল খান কুমিল্লা জেলা ১৪ দলীয় জোটের সমন্বয়ক ছাড়াও ১৯৬৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভিপি নির্বাচিত হন। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। ১৯৪৫ সালের ১০ ফেব্রুয়ারি কুমিল্লা নগরীর গোবিন্দপুর খান বাড়িতে জন্ম নেন বর্ষীয়ান এই নেতা।
জিএম/এসকে




