
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৩য় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সহিংসতায় আহত হয়েছে ২০ জন। রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার কবাখালি, বোয়ালখালি ও মেরুং ইউনিয়নে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে মেম্বার ও চেয়ারম্যান প্রাথীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কবাখালি ইউনিয়নে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। আহতদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
মেরুং ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা মাঈন উদ্দিন আরটিভি নিউজকে বলেন, বাঁচা মেরুং কেন্দ্রে ব্যালট ছিনিয়ে নিলে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘাতে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। এছাড়া হাজাধন কারবারিপাড়া কেন্দ্রেও সংঘর্ষের ঘটনা ঘটে। দুই কেন্দ্রে আহত ১৭ জন। কবাখালি ইউনিয়নের হাচিনসনপুর কেন্দ্রে সংঘর্ষে আরও ৩ জন আহত হয়েছে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরটিভি নিউজকে জানিয়েছেন, কয়েকটি কেন্দ্রে সংঘাতের ঘটনা ঘটে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গাড়িতে ঢিল ছুঁড়েছে দুর্বৃত্তরা। কিছু সময় স্থগিত থাকার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
এমআই/এসকে




