
মহামারির ক্ষতি হ্রাসে ছয় মাসের পরিবর্তে চার মাস মেয়াদে সেমিস্টার শেষ করাসহ চারটি নির্দেশনা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়টির ডিজাস্টার রিকভারি কমিটির সুপারিশ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রেরিত রিকোভারি পরিকল্পনার ওপর ভিত্তি করে এসব নির্দেশনা দেওয়া হয়েছে৷
গত রোববার (৫ ডিসেম্বর) কুবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনাসমূহ:
১. ইউজিসির গাইডলাইনের আলোকে ৪ চার মাসে এক সেমিস্টার পরিচালনা করতে হবে। কিন্তু শিক্ষার্থীদের পাঠদানের সময়কাল ও ক্রেডিট ঘণ্টা অপরিবর্তিত থাকবে। বিভাগগুলো একাডেমিক ক্যালেন্ডার পুনর্গঠন করে তা বাস্তবায়ন করবে। চূড়ান্ত পরীক্ষা সমাপ্তির পর দ্রুততম সময়ে আন্তঃপরীক্ষক উত্তরপত্রগুলো পরীক্ষা দপ্তরে প্রেরণ করবে।
২. ২০২১ সালের শীতকালীন এবং আগামী বছরের (২০২২) গ্রীষ্ম ও শীতকালীন ছুটি কমানো হবে।
৩. সশরীর ও অনলাইন উভয় পদ্ধতিতেই পরীক্ষা চালু থাকবে।
৪. চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতিমূলক ছুটি এক সপ্তাহ করতে হবে।
এমআই/টিআই




